ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, নিমসার ও চৌদ্দগ্রাম এলাকায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। দাউদকান্দিতে অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের সিএনজি যাত্রী আব্দুল বারেক, একই গ্রামের মো. মোস্তফা।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, ‘বুধবার সকালে বারপাড়া এলাকায় অজ্ঞাত যানবাহন একটি সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করেছি। ঘাতক যানবাহনটি সনাক্তের চেষ্টা অব্যাহত আছে।’
এদিকে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা কাঠের পুলে রাস্তা পারাপারের সময় লরিচাপায় এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কোচিং সেন্টার থেকে প্রাইভেট পড়া শেষ করে বাসায় ফেরার পথে চান্দিনা কাঠের পুলে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী লরি চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ইবনে তাইম চান্দিনা পৌরসভার রাড়িরচরের বাবুল মিয়ার বড় ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ঘাতক লরিটি আটক করেছে এলাকাবাসী।
এ বিষয়ে ইলিয়াটগঞ্জ হাইওয়ে পুলিশ ফোন রিসিভ না করায় কোনো মন্তব্য জানা যায়নি। এদিকে সকালে ঢাকা - চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনা কাঠেরপুলে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আরেক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই মহাসড়কে সকালে চৌদ্দগ্রাম বাজার এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নিহত হয়েছেন এক নারী।