সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় তিনি এই সাফল্য অর্জন করেন।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানী ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়ে তিনি টানা ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদে দক্ষতা প্রদর্শন করেন।
প্রতিযোগিতাটি সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে পাঁচটি শাখায় আয়োজন করা হয়। এতে বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। আন্তর্জাতিক বিচারকমণ্ডলী কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদসহ বিভিন্ন বিষয়ে কঠোর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করেন।
প্রতিযোগিতার বিভিন্ন শাখায় মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
প্রতিযোগিতা চলাকালে এক সাক্ষাৎকারে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কা নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান ও অর্জন।
পবিত্র কোরআন বুকে ধারণ করে মক্কার পবিত্র ভূমিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা গৌরবের সঙ্গে তুলে ধরেছেন হাফেজ জাকারিয়া। তার এই সাফল্য দেশের কোরআন শিক্ষা ও মাদরাসা শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি