ভারতের তামিলনাড়ু সরকার এখন থেকে কেবল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস কিনবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী বিজয় তামিলান পার্থিবন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বিজয় চান, সাধারণ মানুষ যেন ব্যাপক পরিসরে এবং আরামদায়কভাবে এসি বাসে যাতায়াত করতে পারেন।
তামিলনাড়ুর সালেম শহরে গত রোববার বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজাগামের (টিভিকে) এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর পরিবহনমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী বিজয় নির্দেশ দিয়েছেন, তামিলনাড়ুর সব প্রত্যন্ত অঞ্চল যেন গণপরিবহনের আওতায় আনা হয়। প্রতিটি বাসে এমন সুযোগ-সুবিধা থাকা উচিত, যাতে তিনি নিজেসহ প্রতিটি সাধারণ নাগরিক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় একটি সরকারি বাসে ভ্রমণ করার পর ইচ্ছা প্রকাশ করেন, এখন থেকে প্রতিটি নতুন বাসেই যেন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে।
গত সপ্তাহে ভারতের দক্ষিণের এই রাজ্যে ৩০০টি নতুন বাসের একটি বহর উদ্বোধন করেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া বিজয়। সেসময় চালক ও সহকারীদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।
১২৭ দশমিক ২১ কোটি রুপি ব্যয়ে কেনা এই নতুন বহরে ১৬৪টি ডিজেলচালিত বাস এবং ১৩৬টি সিএনজিচালিত বাস রয়েছে।