হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর কোনো ধরনের ট্রানজিট ফি বা পারাপার শুল্ক আরোপের পক্ষে নয় ওমান। তবে এই নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে দেওয়া ‘সামুদ্রিক, পরিবেশগত এবং নৌ-চলাচল সংক্রান্ত পরিষেবা’ বা সেবামূলক কাজের জন্য ফি নেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি আছে মাসকাট।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আলবুসাইদি গতকাল সোমবার ফরাসি রেডিও স্টেশন মন্তে কারলো দুয়ালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে সাক্ষাৎকারের মূল অংশ প্রকাশ করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।
আলবুসাইদি বলেন, পরিষেবামূলক কাজের জন্য ফি নেওয়ার বিষয়টি ‘সংশ্লিষ্ট সুবিধাভোগী দেশ এবং কোম্পানিগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা যেতে পারে’।
এসব পরিষেবার ব্যাখ্যায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নৌ-চলাচলের নিরাপত্তা জোরদার করা, সমুদ্রের পানি দূষণমুক্ত রাখা এবং যেকোনো ধরনের দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলো এই পরিষেবার অন্তর্ভুক্ত হতে পারে।’
এ ধরনের ফি আদায়ের ক্ষেত্রে মালাক্কা প্রণালি এবং সিঙ্গাপুরের মতো বিদ্যমান আন্তর্জাতিক মডেলগুলোকে কাজে লাগানো যেতে পারে বলেও সাক্ষাৎকারে জানান আলবুসাইদি।