যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র কোনো ‘নির্ভরযোগ্য’ পক্ষ নয় এবং ইরান তার জাতীয় অধিকারের প্রশ্নে কোনো ধরনের ‘আপস করবে না’।
শনিবার (২৩ মে) তেহরানে সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ইরানের শীর্ষ আলোচক ও দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ পারস্য উপসাগরের হরমুজ প্রণালি যুদ্ধের জেরে অধিকাংশ জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয় নেমে এসেছে।
এমন পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব কমিয়ে আনতে পাকিস্তানের নেতৃত্বে একটি আঞ্চলিক মধ্যস্থতা প্রক্রিয়া চলছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাপ্রধান আসিম মুনির তার এই সংক্ষিপ্ত সফর শেষ করে ইরান ছাড়ার আগে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যার সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের আলাদা দুটি বৈঠক হয়।
এই শান্তি আলোচনা মূলত ইরানের প্রস্তাবিত একটি ১৪ দফার খসড়া দলিলের ওপর ভিত্তি করে এগোচ্ছে, যাকে তেহরান আলোচনার মূল রূপরেখা হিসেবে বিবেচনা করছে।
বৈঠকে এই রূপরেখা এবং দুই পক্ষের মধ্যে আদান-প্রদান হওয়া বার্তাগুলো নিয়ে আলোচনা হয়।
স্পিকার গালিবাফ বলেন, ইরান যুদ্ধক্ষেত্র এবং কূটনীতি উভয় মাধ্যমেই তার ‘বৈধ অধিকার’ প্রতিষ্ঠা করবে। যে পক্ষের বিন্দুমাত্র সততা নেই, তাকে ইরান বিশ্বাস করতে পারে না।
এর আগেও অবশ্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কয়েকবার এমন অভিযোগ আনে তেহরান।