‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মমতা ব্যানার্জী জানান, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন।
এক ভিডিও বার্তায় মমতা বলেন, ‘কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না।’ এ সময় নির্বাচনি ফলাফলের নামে ‘গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন।
নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ‘ইচ্ছেমতো খেলছে’ বলেও মন্তব্য করেন মমতা ব্যানার্জি।
তৃণমূল কংগ্রেসের এই নেত্রী আরও বলেন, ‘আমি প্রথম থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে, পরে আমাদের (তৃণমূলের) জেতা আসনগুলো দেখাবে।’ ‘সূর্যাস্তের পর’ তৃণমূল ঠিকই জিতবে বলেও মন্তব্য করেন তিনি। দলের নেতা-কর্মী ও গণনাকেন্দ্রে যে এজেন্টরা আছেন তাদের বাঘের বাচ্চার মতো লড়ে যেতে আহ্বান জানান তিনি।