ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এ মুহূর্তে রাজ্যের কলকাতার ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধকারী। তবে, নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু।
অন্যদিকে, দমদম বিধানসভা কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু, এগিয়ে আছেন বিজেপির অরিজিত বক্সী। দমদম উত্তর থেকে এর আগে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য এগিয়ে থাকলেও এ মুহূর্তে এগিয়ে রয়েছেন বিজেপির সৌরভ শিকদার।
পানিহাটি থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তিনি আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা। অন্যদিকে, কলকাতা বদন অঞ্চল থেকে এগিয়ে ফিরহাদ হাকিম, পিছিয়ে রয়েছেন বিজেপির রাকেশ সিং।
রাসবিহারী আসন থেকে এখন এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, পিছিয়ে তৃণমূলের দেবাশিস কুমার। সোনারপর দক্ষিণ থেকে এগিয়ে আছেন বিজেপির রূপা গাঙ্গুলি, পিছিয়ে লাভলী মৈত্র। অন্যদিকে, টালিগঞ্জ আসন থেকে এগিয়ে তৃণমূলের অরূপ বিশ্বাস।
মোট ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৪৮টি আসনে জয়। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে ২১৫টি আসন জিতে সরকার গঠন করেছিল। সেই নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন, আর বাকি দুটি আসন গিয়েছিল অন্যান্য দলের দখলে।
এবারের নির্বাচনে ফলাফল কোন দিকে যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, বিজেপিই এবার সরকার গঠন করবে। অন্যদিকে তৃণমূলও পুনরায় ক্ষমতায় ফেরার প্রত্যাশা করছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। কলকাতাসহ রাজ্যের ২৩টি জেলার মোট ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। আগেরবার যেখানে ১০৮টি কেন্দ্রে গণনা হয়েছিল, এবার কেন্দ্রের সংখ্যা কমিয়ে ৭৭ করা হয়েছে, যা প্রশাসনিক ব্যবস্থাপনায় কিছু পরিবর্তনের ইঙ্গিত দেয়।
বর্তমান প্রবণতা চূড়ান্ত ফল নয়, তবে এটি রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।