তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনার শুরুতেই বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়।
কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে) এগিয়ে থেকে দ্রাবিড় মুন্নেত্র কাজাগামকে (ডিএমকে) পিছনে ফেলেছে।
এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি জোট (এআইএডিএমকে) ও টিভিকে মুখোমুখি লড়াই করছে। বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্ট আসনে এখনও পিছিয়ে। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে টিভিকে এআইএডিএমকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে, যদিও এখন পর্যন্ত অনেক জায়গায় ডিএমকে এগিয়ে রয়েছে।
স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে এবং তাদের থেকেও বেশি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ আসন পেয়েছে এডিএমকে।
নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে।
তামিলনাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে বিজয়ের উত্থানে নতুন করে আলোচনায় এসেছে এমজিআর ফ্যাক্টর। তিনি এই অবস্থান ধরে রাখতে পারলে এম জি রামাচন্দ্র এবং জে জয়ললিতার পর তৃতীয় বড় অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবে রাজ্যে গভীর প্রভাব ফেলতে পারেন।
ভোটগণনা স্থানীয় সময় সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয় এবং সকাল ৮ টা ৩০মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে ফলাফল আপডেট করা হচ্ছে। তবে এই ফলাফলগুলি এখনও প্রাথমিক ট্রেন্ডের উপর ভিত্তি করে এবং আগামী কয়েক ঘণ্টায় চূড়ান্ত ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া