ইরানের মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে বুধবার (২৯ এপ্রিল) মার্কিন ডলারের বিপরীতে ১৮ লাখ ১০ হাজার রিয়ালে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সি (আইএসএনএ)।
বার্তা সংস্থাটি বলছে, গত দুই দিনে রিয়ালের মান প্রায় ১৫ শতাংশ হ্রাস পেয়েছে। যুদ্ধ পরিস্থিতি এবং ইরানি নববর্ষের ছুটির কারণে গত কয়েক সপ্তাহ মুদ্রাবাজারে এক ধরনের স্থিতিশীলতা বিরাজ করলেও হঠাৎ করে বিদেশি মুদ্রার চাহিদা বেড়ে যাওয়ায় এই ধস নেমেছে।
এপ্রিলের ৮ তারিখ থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ওয়াশিংটন এখন অর্থনৈতিক চাপের নীতিতে ফিরে গেছে। পারস্য উপসাগরের ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপ করেছে মার্কিন প্রশাসন। এর ফলে রপ্তানির মাধ্যমে ইরানের বিদেশি মুদ্রা আয়ের পথ আরও কঠিন হয়ে পড়েছে।
পাশাপাশি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তেহরান তাদের ইস্পাত ও পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানি স্থগিত করতে বাধ্য হয়েছে।
কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা দেশটির জন্য এসব পণ্য ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ইরানের মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৮ শতাংশে।
রিয়ালের এই ধারাবাহিক দরপতন এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের বিশাল খরচের চাপে মুদ্রাস্ফীতির এই গতি আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই।