জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৬ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিনের কাছে চেইন হস্তান্তর করেন ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন।
সোমবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদসহ কমিটির নেতারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান এবং আমেরিকান চেম্বার অব কমার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর রিয়াদ কায়সার।
চেইন হস্তান্তরের পর সাধারণ সদস্যদের উপস্থিতিতে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ সালের প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৬ বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।
জেসিআই ঢাকা ওয়েস্টের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট সুবাহ আফরিন বলেন, ‘আমাদের যুবসমাজই আমাদের দেশের সম্পদ এবং যুবশক্তির মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে পারি। প্রেসিডেন্ট হিসেবে, আমার উদ্দেশ্য হবে এই সংগঠনকে একটি অভিন্ন লক্ষ্যের দিকে নেতৃত্ব দেওয়া। এসডিজি লক্ষ্যমাত্রার আলোকে মানসিক স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির প্রকল্পগুলিতে কাজ করাও আমার অন্যতম উদ্দেশ্য!’
জেসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, সংগঠনটি ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। তরুণদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে এ সংগঠন। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪৭ টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং পুরোনো।