রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘নির্জন স্বাস্থ্য পরিক্রমা ৩.০’। স্বপ্ন জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত এ আয়োজন অনুষ্ঠিত হয় গত ২৬ এপ্রিল।
নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ ও সিরাক বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য সহায়তায় যুক্ত ছিল মন তরঙ্গ।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ সরাসরি সেবা গ্রহণ করেন বলে আয়োজকরা জানিয়েছেন।
কর্মসূচিতে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপিং সুবিধা, বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষায় প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়, মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, নার্সিং সেবা, প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
নির্জন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও তাসরিফ ইসলাম তামিম বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে আশার আলো জ্বালানো। ‘নির্জন স্বাস্থ্য পরিক্রমা ৩.০’ তারই একটি প্রতিফলন।”
তিনি আরও বলেন, ‘সীমিত সম্পদ নিয়েও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ একটি সুস্থ, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়ার পথে ভূমিকা রাখবে।’
তিনি দেশের তরুণদের প্রতি সামাজিক ও মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যুবসমাজই আজকের সফলতার প্রকৃত চালিকাশক্তি।’
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নির্জন ফাউন্ডেশন বাংলাদেশ এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।