পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) ভোরে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়, গিলগিট-বালতিস্তান অঞ্চলসহ রাজধানী ইসলামাবাদ ও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠের প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে।
এদিন পাকিস্তানের উত্তরাঞ্চলের বাসিন্দারা সংক্ষিপ্ত, কিন্তু স্পষ্ট কম্পন অনুভব করেছে বলে জানিয়েছে। একই ধরনের কম্পন আফগানিস্তানের একাধিক প্রদেশেও টের পাওয়া গেছে।
আফগান সম্প্রচারমাধ্যম টোলো নিউজের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানী কাবুলসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
এখন পর্যন্ত সীমান্তের দুই পাশে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলছে।