বুধবার রাতে আলিয়েঞ্জ অ্যারেনার ম্যাচটা শেষ হওয়ার পর থেকেই যেন রিয়াল মাদ্রিদের ভেতরের চাপটা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। ফ্লোরেন্তিনো পেরেজের মুখের গোমড়া ভাবই বলে দিচ্ছিল, পরাজয়টা সাধারণ কোনো হার নয়। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর টানা দুই মৌসুম শিরোপাহীনভাবে শেষ করার শঙ্কায় এখন রিয়াল। আর এই ব্যর্থতার ধাক্কা ক্লাবের ভেতরে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের মাত্র দুই দিনের মাথায় স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ জানিয়েছে, মৌসুম শেষে কোচ আলভারো আরবেলোয়া থাকছেন না। তার জায়গায় সম্ভাব্য নাম হিসেবে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনো, দিদিয়ের দেশম, লিওনেল স্কালোনির মতো বড় বড় কোচদের নাম। তবে এবার তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নয়, বিশ্বকাপের পর ধীরেসুস্থে নতুন কোচ বেছে নিতে চায় রিয়াল।
শুধু কোচ নয়, বড় ধরনের স্কোয়াড রদবদলের দিকেও যাচ্ছে মাদ্রিদ জায়ান্টরা। পরিকল্পনা অনুযায়ী দল থেকে আটজন খেলোয়াড়কে ছেঁটে ফেলার কথা ভাবা হচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হলো, টানা দুই মৌসুম ব্যর্থতার পরও মূল তারকাদের ধরে রাখার সিদ্ধান্তে অটল ক্লাবটি। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আরদা গুলার, ফেরেরিকো ভালভার্দে, ব্রাহিম দিয়াজ, এদার মিলিতাও এবং থিবো কর্তোয়াকে ঘিরেই ভবিষ্যৎ গড়তে চায় রিয়াল।
অর্থাৎ বড় নাম নয়, বরং পরিবর্তনের লক্ষ্য মূলত বেঞ্চ এবং ডেপথে। রক্ষণভাগে থাকা অভিজ্ঞ তিন সেনানি ডেভিড আলাবা, দানি কার্ভায়াল ও এন্টিনিও রুডিগারের চুক্তির মেয়াদ শেষের পথে। তবে পরিকল্পনা অনুযায়ী শুধু রুডিগারের সঙ্গেই নতুন চুক্তি হতে পারে। আলাবা ও কার্ভায়ালকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
মিডফিল্ডেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দানি সেবায়স এখন আর ক্লাবের পরিকল্পনায় নেই। তাকে নতুন ঠিকানা খুঁজে নিতে বলা হয়েছে। একই পথে আছেন রাউল এসেনসিও, গঞ্জালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়া। গোলরক্ষক আন্দ্রে লুনিনকেও দলে রাখার পরিকল্পনা নেই রিয়ালের।
সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্তগুলোর একটি হলো কামাভিঙ্গা নিয়ে। একসময় যাকে ভবিষ্যতের স্তম্ভ ভাবা হতো, সেই ফরাসি মিডফিল্ডারকে উপযুক্ত প্রস্তাব পেলে বিক্রি করার চিন্তাও করছে ক্লাব। অন্যদিকে আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ধারে অন্য ক্লাবে পাঠানোর সম্ভাবনা আছে। আর ধারের মেয়াদ শেষে এনদ্রিক ও নিকো পাজ দলে স্থায়ী জায়গা পেতে পারেন।
সবমিলিয়ে রিয়ালের ভেতরে এখন এক ধরনের পুনর্গঠনের প্রস্তুতি চলছে। টানা ব্যর্থতার পর সমালোচনার তীর অবশ্য ঘুরে গেছে কিলিয়ান এমবাপ্পের দিকেও। পিএসজিতে থাকাকালীন সময়েও ক্লাবটি বড় বিনিয়োগ করেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি, আর তার বিদায়ের পরই তারা শিরোপা পায়; এমন আলোচনাও এখন সামনে আসছে। তবে রিয়ালের বর্তমান সংকটের দায় এককভাবে কাউকে দেওয়া যাচ্ছে না।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, কিন্তু যথেষ্ট ছিল না। এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া হতাশাজনক, তবে আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। এ রকম হতাশা এড়াতে আমাদের পারফরম্যান্সে সতর্ক দৃষ্টি দিতে হবে। আমরা কখনও হাল ছাড়ি না। মাদ্রিদে ব্যর্থতা কখনও বিকল্প ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমি একটা কথা দিতে পারে, আবার আমরা জিততে শুরু করব, শিগগিরই।’