ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক নেত্রী রুমিন ফারহানা জানিয়েছেন, তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের গুঞ্জনের কোনো ভিত্তি নেই। শুক্রবার (১৭ এপ্রিল) ডয়েচে ভেলের বাংলা টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, এটি একেবারেই গুঞ্জন ও গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই। তিনি আরও জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা বা প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর অন্য অনেক দল যোগাযোগ করবে সেটাই স্বাভাবিক। সেই ধারাবাহিকতায় এনসিপিও যোগাযোগ করেছে। তারা বারবার তাকে দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি।
এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার সুযোগ বাড়বে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু কথা বলার সুযোগের জন্য তিনি কোনো দলে যোগ দেবেন না। তার মতে, কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম রয়েছে। কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও চিন্তাভাবনা বিসর্জন দিয়ে কেবল সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।