মিরপুর স্টেডিয়াম থেকে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ মুছে ফেলা হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক মাধ্যমে স্ট্যান্ডটির নাম সরিয়ে ফেলার যে তথ্য ছড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চায় যে, শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত বোর্ড গ্রহণ করেনি।’
বিসিবি আরো জানিয়েছে, মিরপুর স্টেডিয়ামসহ দেশের অন্যান্য সব আন্তর্জাতিক ভেন্যুর অফিশিয়াল স্ট্যান্ডের নাম আগের মতোই বহাল রয়েছে। ম্যাচ চলাকালীন এসব নাম যথাযথভাবে প্রদর্শিত হয়ে আসছে বলেও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বোর্ড দায়িত্ব গ্রহণের পর আয়োজিত তিনটি আন্তর্জাতিক সিরিজের প্রতিটিতেই ভেন্যু ও টেলিভিশন সম্প্রচারে ‘আবু সাঈদ স্ট্যান্ড’ নামটি যথাযথভাবে প্রদর্শিত হয়েছে। শুধু তাই নয়, ওইসব সিরিজের ম্যাচের টিকিট ও প্রচারমূলক সামগ্রীতেও স্ট্যান্ডটির নাম উল্লেখ ছিল।
স্টেডিয়ামে নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে স্ট্যান্ডের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা সাময়িকভাবে সরিয়ে রাখা হতে পারে বলেও জানিয়েছে বিসিবি। তবে এর সঙ্গে স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে সংস্থাটির বক্তব্য।
বিসিবির দাবি, বর্তমান বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সামাজিক মাধ্যমে এমন অপপ্রচার চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান প্রশাসন ও বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই কিছু ব্যক্তি বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।