বাবার পরিচয়ে নয়, নিজেদের পারফরম্যান্স দিয়ে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নেওয়ার পথে এগোচ্ছেন রাহুল দ্রাবিড় ও বীরেন্দের শেবাগের সন্তানেরা। আসন্ন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের ভারত সফরের ওয়ানডে সিরিজের জন্য ভারতের বয়সভিত্তিক দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অনভয় দ্রাবিড়।
দুই কিংবদন্তির সন্তানকে একই দলে পাওয়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে কৌতূহল। বিশেষ করে অনভয়ের সাম্প্রতিক পারফরম্যান্স তাকে আলোচনায় নিয়ে এসেছে। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৮৭ রানের দারুণ ইনিংস খেলেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন লক্ষ্য রায়চন্দনি। সহ-অধিনায়ক থাকবেন যশবর্ধন চৌহান। তবে লাল বলের চার দিনের ম্যাচে নেতৃত্বের চিত্র হবে উল্টো। সেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যশবর্ধন, আর সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন লক্ষ্য।
শ্রীলঙ্কা সফরেও নজর কেড়েছিলেন লক্ষ্য। চার দিনের দুটি ম্যাচে গলে ২০৭ এবং কলম্বোয় অপরাজিত ১০০ রান করেন তিনি। দুই ম্যাচ মিলিয়ে তার সংগ্রহ ছিল ৩০৭ রান। এরই মধ্যে উত্তরাখণ্ডের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। এরপর চার দিনের দুটি ম্যাচ মাঠে গড়াবে ২৭-৩০ সেপ্টেম্বর এবং ৫-৮ অক্টোবর। শেষ চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। সিরিজের অন্য সব ম্যাচের ভেন্যু রাজকোট।
ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে স্কোয়াড :
লক্ষ্য রায়চন্দনি (অধিনায়ক), যশবর্ধন চৌহান (সহ-অধিনায়ক), রজত বাঘেল (উইকেটরক্ষক), আর্যবীর শেবাগ, ভিকে বিনীত, কুশাগরা ওঝা, অর্জুন রাজপুত, মানাল চৌহান, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), ভি যশবীর, রোহিত যাদব, শভিন উলপতি ভেনকা, মোহিত বিনোদ ও চিবুক।
চার দিনের (টেস্ট) স্কোয়াড :
যশবর্ধন চৌহান (অধিনায়ক), লক্ষ্য রায়চন্দনি (সহ-অধিনায়ক), সাগর বির্ক, কুশাগরা ওঝা, মানাল চৌহান, কুশ প্যাটেল, মানব কৃষ্ণ (উইকেটরক্ষক), অভিপ্রয় বিশ্বাস (উইকেটরক্ষক), রোহিত যাদব, ইশান ওম, অয়ন আকরাম, প্রণব রাগবেন্দ্র, প্রিয়াংশু, উলয়ান সিং ও প্রণব।