ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দলের ঢাকা সফরকে ঘিরে দুই দেশের ফুটবল সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শিগগিরই ব্রাজিল জাতীয় দলকে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত রোববার ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করে সিবিএফের প্রতিনিধি দল। তারা কয়েকটি আবাসিক হোটেলও ঘুরে দেখে। পরিদর্শন শেষে দুই মাঠের মান ও আশপাশের অবকাঠামো ব্রাজিল দলের জন্য গ্রহণযোগ্য বলে জানায় প্রতিনিধি দল। তবে ড্রেসিংরুম, টেকনিক্যাল জোন এবং প্রবেশ-বহির্গমন গেটের নিরাপত্তাসহ কিছু জায়গায় উন্নয়ন প্রয়োজন বলে তারা মত দিয়েছে।
সোমবার রাতে ঢাকা ছাড়ার পর চলতি সপ্তাহেই নিজেদের পর্যবেক্ষণ ও সুপারিশ সিবিএফের কাছে জমা দেবে প্রতিনিধি দল। এরপর বাফুফে আনুষ্ঠানিক বৈঠকের উদ্যোগ নেবে। সেখানে ব্রাজিলকে প্রীতি ম্যাচের আমন্ত্রণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের বিষয়েও আলোচনা হতে পারে।
জাতীয় স্টেডিয়ামের মাঠ উন্নয়নের কাজের ইতিবাচক মূল্যায়নকে নিজেদের জন্য বড় সাফল্য হিসেবে দেখছে বাফুফে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সমন্বয় করে বাকি অবকাঠামোগত কাজ দ্রুত শেষ করার পরিকল্পনাও রয়েছে।
সফরের শেষ দিকে সিবিএফ ও বাফুফের কর্মকর্তাদের বৈঠকে অবকাঠামো উন্নয়ন, পিচ, কোচিং প্রোগ্রাম, স্পোর্টস সায়েন্স ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের সমর্থকদের প্রশংসা করে ব্রাজিলের প্রতিনিধিরা জানান, বিশ্বের বিভিন্ন দেশে ব্রাজিলের ম্যাচে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি তারা দেখেছেন। বাংলাদেশে খেলতে এলে একই রকম সমর্থন পাওয়ার আশা করছেন তারা।
তবে ব্রাজিলকে ঢাকায় এনে ম্যাচ আয়োজন করতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। অর্থের জোগান নিয়ে বাফুফের সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন বলেন, ‘ভালো কিছু করতে গেলে টাকা তো লাগবেই। আমাদের সভাপতি সরকারের সাথে আলোচনা করে প্রয়োজনে চাইবেন। কারণ, এটা তো রাষ্ট্রীয় খেলা।’