ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাই টেস্টে ব্যাট হাতে বড় বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসারদের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দলকে ম্যাচে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে বড় ধাক্কা দিয়েছেন বাঁহাতি এই পেসার।
প্রথম দিনের খেলা শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের চেয়ে ১০১ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। তবে শরীফুলের দুর্দান্ত বোলিং না হলে অস্ট্রেলিয়ার লিড আরও বড় হতে পারত।
দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং নিয়ে শরীফুল বলেন, ‘অনুভূতি অবশ্যই ভালো। গতবার যেটা পেয়েছিলাম ওটাও ভালো লেগেছিল। সত্যি আরও ভালো লাগত যদি সেই ম্যাচটা জিততাম। আমি এখন চিন্তা করছি না যে ৫ উইকেট পেয়েছি বলে খুব খুশি। যদি ম্যাচ জিতি তবে অনেক খুশি হব।’
ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাতাসের কারণে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়ে শরীফুল বলেন, ‘হ্যাঁ, আমরা ওই পাশ থেকে বোলিং করছিলাম। সেখানে বাতাস আমাদের বিপক্ষে ছিল, যার কারণে বল একটু বেশি সুইং করছিল।’
প্রথম দিনে দুই দল মিলিয়ে পড়েছে ১৮ উইকেট। এর মধ্যে মিচেল স্টার্ক ও শরীফুল ইসলাম নিয়েছেন ৬টি করে উইকেট। ব্যাট হাতে বাংলাদেশের বিপর্যয়ের পর স্টার্কের সঙ্গে বোলিংয়ে পাল্টা লড়াইয়ে নামা শরীফুলই এখন দলকে ম্যাচে ফেরার আশা দেখাচ্ছেন।