মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করার পর শাস্তি পেলেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
একই সঙ্গে গাড়ি চালানোর সময় ইন্টারলক ডিভাইস ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে ৩৯ বছর বয়সী এই তারকাকে। গত ৫ এপ্রিল সিডনির পূর্বে সড়কের পাশে পুলিশ ওয়ার্নারকে থামিয়ে অ্যালকোহল পরীক্ষা করে। পরীক্ষায় ফল পজিটিভ আসার পর মারৌব্রা পুলিশ স্টেশনে আবারও পরীক্ষা করা হয়। সেখানে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসম্মত সীমার দ্বিগুণেরও বেশি।
আদালতে ওয়ার্নারের আইনজীবী দাবি করেন, গণমাধ্যমে ব্যাপক প্রচারের কারণে তিনি এরই মধ্যে যথেষ্ট শাস্তি পেয়েছেন। তাই তাকে জরিমানা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়।
তবে আদালত শেষ পর্যন্ত জরিমানা ও ইন্টারলক ব্যবহারের নির্দেশ দিয়েছে। এই ডিভাইস গাড়ি চালুর আগে চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পরীক্ষা করবে। অ্যালকোহল শনাক্ত হলে গাড়িটি স্টার্ট নেবে না।
ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে এবং গাড়িতে ডিভাইসটি বসানোর পরই আবার গাড়ি চালাতে পারবেন ওয়ার্নার।