গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। এ সময় বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নারী বাসযাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।