দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখল আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতাটির শিরোপা জিতল তারা।
প্যারাগুয়ের লুকেতে কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল উপহার দেয় দুই দল। অষ্টম মিনিটে থমাস বারিউসের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল শোধে চেষ্টা করেও প্রথমার্ধে সফল হয়নি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর জয়সূচক গোলের জন্য দুদলই মরিয়া হয়ে খেললেও নির্ধারিত সময়ে আর গোল হয়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে লরেঞ্জো সামপ্রেদের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
ব্রাজিলকে হারিয়ে এই জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৭ ফুটসালে নিজেদের আধিপত্য আরও শক্ত করল আর্জেন্টিনা। টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার শিরোপায় হ্যাটট্রিক পূর্ণ করল তারা।