অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়ার পাশাপাশি জায়গা করে নিয়েছেন বিশেষ এক রেকর্ডের তালিকায়।
অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্টে কোনো সফরকারী পুরুষ বোলারের সেরা ম্যাচ বোলিংয়ের তালিকায় হাসানের ৯/১১১ এখন তৃতীয় সেরা। তার ওপরে আছেন ইংল্যান্ডের মরিস টেট ও পাকিস্তানের ওয়াসিম আকরাম।
১৯২৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রথম টেস্টে মরিস টেট নিয়েছিলেন ১১ উইকেট, ২২৮ রানে। প্রায় ছয় দশক পর ১৯৯০ সালে মেলবোর্নে ওয়াসিম আকরামও নিজের প্রথম টেস্টে নেন ১১ উইকেট, ১৬০ রানে। এবার সেই তালিকায় বাংলাদেশের হাসান মাহমুদ—৯ উইকেট, ১১১ রান।
ডারউইন টেস্টে হাসানের শুরুটাই ছিল দুর্দান্ত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি একাই নেন ৬ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচে তার শিকার দাঁড়ায় ৯টি।
ম্যাচসেরার পুরস্কার জয়ের পর হাসান জানান, ফলাফল নিয়ে না ভেবে অনুশীলন থেকে মাঠ পর্যন্ত নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তারা। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে কোচদের সঙ্গে পরিকল্পনা, ভিডিও বিশ্লেষণ এবং নির্দিষ্ট লাইন-লেন্থে ধৈর্য ধরে বোলিং; এই পরিকল্পনাই কাজে দিয়েছে বলে জানান তিনি।
হাসান মাহমুদের ভাষ্য, ‘ম্যাচের আগে, অনুশীলন সেশনে আমরা প্রতিটি সেকেন্ডে নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি এবং ফলাফল কী হবে তা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।’
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে তিনি বলেন, ‘কোচদের সঙ্গে আমাদের কিছু দলীয় পরিকল্পনা ছিল, ভিডিও দেখেছি, আর মাঠে গিয়ে সেগুলোই বাস্তবায়ন করেছি। বোলাররা ধৈর্য ধরে বল করেছে, সঠিক লাইন ও লেংথে বল করে গেছে। ফলাফলও এসেছে।’
নিজের এই সাফল্যে দেশের মানুষের প্রতিক্রিয়া নিয়েও উচ্ছ্বসিত হাসান। তিনি বলেন, ‘আমার দেশের মানুষ আমার জন্য খুব খুশি হবে। তারা উদযাপন করবে।’