অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে রয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে হাতে ৬ উইকেট নিয়ে ব্যাটিং শুরু করবে অজিরা।
দিন শেষে নিজেদের পরিকল্পনার কথা জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ৫ দিন অন্তত খেলতে হবে। যেভাবে আমরা আমাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছি, যেভাবে আমরা গত ২-৩ দিন ক্রিকেট খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত ছিল। পুরো দলকে এভাবে খেলতে দেখে ভালো লাগছে।’
প্রথম ইনিংসে বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটারদের অবদান নিয়েও সন্তুষ্ট শান্ত। তিনি বলেন, ‘আমরা সবসময় ভেবেছি, কিভাবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে পারে। আজকে বোলাররা দেখিয়েছে তারা ব্যাট হাতে কি করতে পারে। আমরা এই জিনিসটা নিয়েই ২-৩ বছর ধরে কাজ করছি।’
ফলাফলের দিকে না তাকিয়ে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে চান বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘আমরা সেশন বাই সেশন পরিকল্পনা করছি। ফলাফলের কথা চিন্তা না করে আমাদের পরিকল্পনা ধরে এগোচ্ছি। কিভাবে আমরা উইকেটগুলো নিতে পারি আমরা শুধু সেটাই ভাবছি। আমাদের বোলাররা এই কন্ডিশনে যেভাবে বোলিং করছে তা সত্যিই দারুণ।’