১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত শোক সভাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে মাদারীপুরে মোটরসাইকেল শোডাউন করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে মাদারীপুর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় বিএনপির নেতাকর্মীরা শহরে সতর্ক অবস্থান নেন। এর অংশ হিসেবে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার মাতুব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে অবস্থান ও শোডাউন করা হয়।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। একপর্যায়ে শোডাউনে থাকা এক নেতার মুখ থেকে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারিত হয়। বিষয়টি মুহূর্তেই উপস্থিত নেতাকর্মীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য তারা সতর্ক অবস্থানে ছিলেন। তবে শোডাউনের সময় ‘জয় বাংলা’ স্লোগান কীভাবে উচ্চারিত হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্টরা বিস্তারিত কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান ওহিদ বলেন, ‘কে বা কারা শোডাউন করেছে, তা আমার জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট অলিউর রহমান দর্জি বলেন, ‘যদি আমাদের দলের কোনো লোকের মোটরসাইকেল শোডাউনে এ ধরনের স্লোগান দিয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার মাতুব্বরের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘স্লোগানের বিষয়ে আমাদের জানা নেই। যদি এরকম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’