জাতীয় দলের ব্যস্ততা নেই, নতুন মৌসুমও শুরু হয়নি। এই অবসর সময়ে অনেক ফুটবলারই জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে ‘খেপ’ খেলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ছবি ও ভিডিও এবার নজরে এসেছে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফুটবলারদের সতর্ক করেছেন তিনি।
সোমবার সাংবাদিকদের আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, ‘সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ অর্থ পাচ্ছে। এরপরও কেন খেপ খেলতে হবে সেটা আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছে। টাঙ্গাইল ও আরেকটি জেলায় আমি টুর্নামেন্টে অতিথি হয়ে গিয়েছিলাম সেখানে জাতীয় ফুটবলারদের খেলতে দেখেছি।’
অফ সিজনে স্থানীয় টুর্নামেন্টে খেলে বাড়তি আয় করা বাংলাদেশের ফুটবলারদের পুরোনো অভ্যাস। তবে এসব ম্যাচে চোট পাওয়ার ঝুঁকি থাকায় জাতীয় দলের খেলোয়াড়দের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়নি। দুই এক দিনের মধ্যে কথা বলবো। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’