ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল।
অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যান গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৯৭ হাজার টাকা।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় জব্দ করা পণ্যের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। পরে ভ্যানচালকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ভ্যানসহ তাদের ছেড়ে দেওয়া হয়। পরে জব্দ করা সব মালামাল বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।