সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. নুরুল চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে রাজধানীর উত্তরা বিভাগের ভূইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিবি-রমনা বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই প্রতারক চক্রের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই করা হয়। পরে অভিযান চালিয়ে নুরুল চৌধুরীকে গ্রেফতার করা হয়।
ভুয়া পরিচয়পত্র ও সামরিক পোশাক উদ্ধার
গ্রেফতারের সময় নুরুল চৌধুরীর কাছ থেকে দুটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকির চার্জার, একটি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত একটি ভুয়া আইডি কার্ড এবং র্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয়যুক্ত একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ১০টি পোশাক, সেনাবাহিনীর চিকিৎসা বই, বিভিন্ন ফরম ও প্যাড, সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়ে পোশাক পরা পাসপোর্ট সাইজের ছবি, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরম উদ্ধার করা হয়েছে।
‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ পরিচয়ে প্রতারণা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, নুরুল চৌধুরী সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন সময়ে তিনি নিজেকে ‘মেজর আল মামুন’, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিতেন। সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার কথা বলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চক্রটির অন্যতম টার্গেট ছিল বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক ও দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ। প্রতারণার বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারা ব্যবহার করত ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক এবং বিভিন্ন বাহিনীর পোশাক পরা ছবি।
পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
ডিবি আরও জানায়, কখনো এসবি-ডিবির সদস্য আবার কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় ব্যবহার করেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন নুরুল চৌধুরী। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নুরুল চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে প্রতারণার অভিযোগে রাজধানীর শাহআলী থানায় একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, ভুয়া পরিচয়পত্র, নিয়োগসংক্রান্ত কাগজপত্র, পোশাক ও অন্যান্য আলামত পরীক্ষা করে চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করছে ডিবি। একই সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।