প্রধানমন্ত্রী-দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, বৈঠকে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুততর করবে। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়েছে।
২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এরপর ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে নয়াদিল্লির প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছে ঢাকা।
এ দিকে গত বছরের ডিসেম্বরে গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে প্রায় আড়াই মাস পর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে সরকার।
সোমবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।
শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতাও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।
গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ঢাকায় কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র: ইউএনবি