রদ্রিকে ঘিরে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার টানাপোড়েন এবার সমঝোতার দিকে এগোচ্ছে। স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে দ্বিতীয় দফায় প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। অন্যদিকে রদ্রিকে ছাড়ার ব্যাপারে আগের অবস্থান থেকেও কিছুটা সরে আসতে প্রস্তুত সিটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, এত দিন রদ্রিকে ছাড়তে অন্তত ৮০ মিলিয়ন ইউরো চেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে বার্সেলোনা প্রস্তাব কিছুটা বাড়ালে প্রায় ৭০ মিলিয়ন ইউরোর কাছাকাছি অঙ্কেই সমঝোতার সুযোগ তৈরি হতে পারে দুই পক্ষের মধ্যে।
এর আগে বার্সেলোনা ৪৫ মিলিয়ন ইউরো নির্দিষ্ট ট্রান্সফার ফির সঙ্গে আরও ১০ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার প্রস্তাব দিয়েছিল। স্বাভাবিকভাবেই সেই প্রস্তাব সিটির চাহিদার সঙ্গে মেলেনি এবং তা প্রত্যাখ্যান করা হয়েছিল।
তবে হাল ছাড়েনি বার্সেলোনা। দ্বিতীয় দফায় প্রস্তাব বাড়িয়ে প্রায় ৬০ মিলিয়ন ইউরো করেছে কাতালান ক্লাবটি। যদিও এই অঙ্কের কতটা সরাসরি ট্রান্সফার ফি এবং কতটা বোনাস, তা নিয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
বার্সেলোনার বিশ্বাস, নতুন প্রস্তাবের মাধ্যমে আলোচনা আরও এগিয়ে নেওয়া সম্ভব। তবে রদ্রিকে পেতে তাদের আরও কিছুটা বাড়াতে হতে পারে। সিটির চাওয়া যদি ৭০ মিলিয়ন ইউরোর আশপাশে নেমে আসে, তাহলে দুই পক্ষের সমঝোতার পথও পরিষ্কার হতে পারে।
এর আগে রদ্রিকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের খবরও সামনে এসেছিল। তবে সাম্প্রতিক আলোচনায় বার্সেলোনাই এখন এই স্প্যানিশ মিডফিল্ডারকে পাওয়ার দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করছে।