কুষ্টিয়া শহরের পৌরবাজারে ফলের দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) সকালে পৌরবাজারের আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডারের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাদ্দাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। তিনি পৌরবাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, রাতে আয়েশা ফল ভান্ডার ও আদর্শ ফল ভান্ডার বন্ধ ছিল। রাতের কোনো একসময় সাদ্দাম দোকান দুটিতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দোকানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎ প্রবাহিত থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।
ব্যবসায়ীদের দাবি, ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় সেখানে বিদ্যুৎ ছড়িয়ে থাকতে পারে। অন্ধকারে বিষয়টি বুঝতে না পেরে সাদ্দাম ওই তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
রোববার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দোকানের সামনে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুষ্টিয়া মডেল থানার কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।