২১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে নাজমুল হোসেন শান্তর দল। তবে শুরুটা ভালো হয়নি টাইগারদের।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশন শেষেই ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৪৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৩৩ রান। মেহেদী হাসান মিরাজ ২৬ বলে ১৬ রান ও সৌম্য সরকার ১৩ বলে ১০ রানে অপরাজিত আছেন।
ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৭ রানের মাথায় কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। অন্যপ্রান্তে সাদমান ইসলাম কিছুটা প্রতিরোধ গড়লেও ৩১ রানে থেমে যান তিনি।
এরপর অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতায় আরও চাপে পড়ে বাংলাদেশ। মুমিনুল হক ১৬ রান করে আউট হন, আর মুশফিকুর রহিম ৮ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তরুণ অমিত হাসান মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
মধ্যাহ্ন বিরতির পর শান্ত ৫৩ বলে ৩৭ রান করে বিদায় নেন। এরপর অমিত হাসানও ৬১ বলে ১৫ রান করে ফিরে গেলে প্রথম সেশনেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠাই এখন টাইগারদের বড় চ্যালেঞ্জ। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট।