লিবিয়ায় মানবপাচারকারী চক্র ও স্থানীয় মাফিয়াদের নির্যাতনের শিকার হয়ে ইকবাল মাদবর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পরিবারের কাছে তার মৃত্যুর খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত ইকবাল মাদবর মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের সরকারেরচর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনদের অভিযোগ, কয়েক মাস আগে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের সাগর মাদবর ও কামরুল মাদবর ইতালিতে বৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে ইকবালকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। এ জন্য চুক্তি অনুযায়ী পরিবারের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা নেওয়া হয়।
তবে ইতালিতে পাঠানোর পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে একটি চক্রের কাছে আটকে রাখা হয়। সেখানে তাকে অমানবিক নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে বাঁচাতে ধারদেনা করে পরিবার আরও ৮ লাখ টাকা পরিশোধ করলেও বাকি ৪ লাখ টাকা দিতে না পারায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয়।
পরিবারের ভাষ্য, দীর্ঘদিনের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে একপর্যায়ে ইকবালের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় আকাশ ভাড়ি হয়ে ওঠে। ভেঙে পড়েন। এলাকায়ও শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা সাগর মাদবর, কামরুল মাদবরসহ জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ও মানবপাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে শিবচর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মানবাধিকারকর্মীরা বলছেন, বিদেশে ভালো চাকরির প্রলোভনে পড়ে এখনো অনেক তরুণ মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়ে জীবন ও অর্থ—দুই-ই হারাচ্ছেন। তাই বিদেশে যাওয়ার আগে সরকারি অনুমোদিত ও বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সব তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।