আইপিএলের প্রথম যুগে ক্রিকেট আর বলিউডের মেলবন্ধনে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল ব্রেট লি আর প্রীতি জিনতা। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ান পেসারের সঙ্গে প্রীতির ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরে ছড়িয়ে পড়েছিল প্রেমের নানা গুঞ্জন। তবে দীর্ঘদিন পর সেই পুরনো আলোচনায় মুখ খুললেন ব্রেট লি।
সাবেক এই অজি স্পিডস্টার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বলিউডের কোনো অভিনেত্রীর সঙ্গেই তার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। প্রীতি জিনতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনকেও শুধুই বন্ধুত্ব হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, প্রীতি তার খুব ভালো বন্ধু এবং একজন অত্যন্ত বুদ্ধিমতী মানুষ। তার প্রতি নিজের সম্মানের কথাও জানান তিনি। মানুষের নানা অনুমানকে কখনো গুরুত্ব দেননি বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি পেসার।
আইপিএলের সময় পাঞ্জাব দলের সঙ্গে যুক্ত থাকার কারণে প্রীতির সঙ্গে লির নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু সেই বন্ধুত্বকেই অনেকেই প্রেমের গল্পে রূপ দিয়েছিল। তখন প্রীতিকেও সামাজিক মাধ্যমে এসব অপ্রীতিকর গুঞ্জনের প্রতিবাদ করতে হয়েছিল।
সময় বদলেছে, বদলেছে দুজনের জীবনও। ২০১৬ সালে মার্কিন ব্যবসায়ী জিন গুডএনাফকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন প্রীতি। আর ২০১৫ সালে ক্রিকেটকে বিদায় জানান ব্রেট লি। অস্ট্রেলিয়ার হয়ে ৭৬ টেস্টে ৩১০ এবং ২২১ ওয়ানডেতে ৩৮০ উইকেট নিয়ে তিনি শেষ করেন বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ার।