কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে কড়া বক্তব্য দিয়েছেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে আমির হামজা বলেন, ‘আমরা ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা যদি সংসদ বয়কট করে রাজপথে নেমে আসি, তাহলে সরকার টিকতে পারবে না। দেশ পরিচালনা করতে হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী চলতে হবে। জুলাই সনদ মেনে নিতে আমাদের সমস্যা না থাকলে সরকারের আপত্তির কারণ কী?’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশ পরিচালনার স্বার্থে আপনার আশপাশের মানুষদের নিয়ন্ত্রণ করুন। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতির জন্য আপনাকেই দায় নিতে হতে পারে।’
সমাবেশে তিনি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনারও নিন্দা জানান। এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর ভাষায় সমালোচনা করে তিনি দাবি করেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং এর পেছনে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে।
এ সময় জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে তারা বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নিয়েছেন, তবে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারির অভিযোগও উত্থাপন করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির কুষ্টিয়া জেলা প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি।