মাগুরায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সদর উপজেলার কেশব মোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরপরই একদল দুর্বৃত্ত সাকিব আল হাসানের বাড়ির সামনে গিয়ে হামলা চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটকে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং অগ্নিসংযোগ করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের কয়েকটি জানালা ভেঙে যায়। তবে ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।