ভারতের টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলা সংস্থায় আমার শেষ দিন ছিল। কেন, কী কারণে—সেটা নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।’
তিনি আরও লেখেন, ‘এরপর কী হবে, তা সময়ই বলে দেবে। পথ দেখাবেন জগন্নাথ।’
একই পোস্টে তিনি জানান, রিপাবলিক বাংলা ছাড়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক ছিল না। তার ভাষায়, ‘সিদ্ধান্তটা হঠাৎ নয়। ২০২৫ সালেই মনস্থির করেছিলাম।’
তিনি আরও বলেন, একজন সাংবাদিকের কাজ গণমাধ্যমে তথ্য উপস্থাপন করা এবং রাষ্ট্রবিরোধী ন্যারেটিভের মোকাবিলা করা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরে বিস্তারিত জানাবেন।
আরেকটি পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ লেখেন, ‘কিছু মানুষ ভাবছেন, আপদ বিদায় হয়েছে। কিন্তু খেলা কেবল শুরু।’
উল্লেখ্য, ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে দেওয়া বক্তব্যের কারণে বাংলাদেশে আলোচনায় ছিলেন ময়ূখ রঞ্জন ঘোষ।
বাংলাদেশে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের দিনই তিনি পৃথক এক ফেসবুক পোস্টে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ‘একটি ত্রুটিপূর্ণ, সুপরিকল্পিত গভীর-রাষ্ট্রীয় অভিযান’ বলে মন্তব্য করেন।