অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। বাঁ-পায়ের কাফ ম্যাসেলের চোট থেকে সেরে ওঠায় তাকে প্রথম টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩১ বছর বয়সী লিটন জুন মাসে চোটে পড়ার পর মাঠের বাইরে ছিলেন। সে কারণে শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় সন্তোষজনক অগ্রগতি হওয়ায় শেষ মুহূর্তে তাকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, আগামীকাল ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বেন লিটন। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন, সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও লিটন দাস।