রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে মুন্না বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে ওই পরিবারের সাত সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে পুরান ঢাকা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন ফারজানা কবির শান্ত, তার স্বামী আবু নাইম, মেয়ে আয়েশা, শাশুড়ি জোসনা বেগম এবং দুই ননদ আনিকা ও লুবাবার। তাদের গাড়িটি লালমাটিয়া ব্লক-এ পানির টাঙ্কির সামনে পৌঁছলে চারদিক থেকে ভ্যান, মোটরসাইকেল ও গাড়ি দিয়ে ঘিরে পথরোধ করে সন্ত্রাসীরা। এসময় ফারজানার স্বামী আবু নাইম গাড়ি থেকে নেমে পথরোধের কারণ জানতে চাওয়ামাত্রই তাকে এলোপাথাড়ি মারধর করা হয়।
এ সময় ফারজানার কাছে ফোনে খবর পেয়ে তাদের উদ্ধার করতে দেবর আব্দুল্লাহ আল নাহিদ ও নাজমুল হাসান ঘটনাস্থলে এলে তাদেরও মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা ধারালো চাকু দিয়ে তাদের আঘাত করে। এরপর তাদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও একটি দামি ঘড়ি ছিনিয়ে নেয়। এমনকি তাদের ঘারিতে আঘাত করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করে।
এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে সেখান হতে চলে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে নাহিদ ও নাজমুল গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।