স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যতদিন নরম থাকার প্রয়োজন ছিল, ততদিন ছিলাম। এখন আর নরম থাকার সুযোগ নেই। সবাই নিয়মিত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করুন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অন্যথায় সরাসরি সাসপেন্ড করা হবে।’
শনিবার (১ আগস্ট) দুপুরে পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও কর্মস্থলে অনুপস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, অনিয়ম অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সরকারি কর্মঘণ্টায় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।