ফিফা বিশ্বকাপে মাঠের লড়াইয়ের আগে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার। লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই শাস্তি স্থগিত করেছে ফিফা। আর এই সিদ্ধান্তকে ঘিরেই ক্ষোভ ঝেড়েছেন বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া।
বিশ্বকাপের শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বেলজিয়ান কোচ। তিনি বলেন, ‘আমি জানতাম না, ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে! অর্থাৎ আজ বুঝি এপ্রিল ফুল দিবস।’
গত বৃহস্পতিবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়ার বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। ম্যাচের ৬৪ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। প্রতিযোগিতার বাইলজের ১০.৫ অনুচ্ছেদ অনুযায়ী, লাল কার্ড পাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ ষোলোর ম্যাচের মাত্র দুই দিন আগে সেই নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ফিফা। এরপরই শুরু হয় তীব্র বিতর্ক।
এর আগে বার্তা সংস্থা এএফপিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, বালোগানকে দেওয়া লাল কার্ড পুনর্বিবেচনার অনুরোধ জানাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ফিফা বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে।
ফিফার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)। এক বিবৃতিতে তারা জানায়, সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক পদক্ষেপ খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে রুডি গার্সিয়া বলেন, ‘আমরা শুধু জাতীয় দল বা ফেডারেশনের পক্ষ নিচ্ছি না। আমরা ফুটবল, এর নৈতিকতা এবং সততা রক্ষার জন্য কথা বলছি।’
চলতি বিশ্বকাপে তিন গোল করে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোলদাতা বালোগান। তাকে ফিরে পাওয়ায় স্বস্তিতে রয়েছে কোচ মাউরিসিও পচেত্তিনোর দল। অন্যদিকে ফিফার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘সঠিক কাজটি করার জন্য এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ!’
যদিও বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ বেলজিয়ামের খেলোয়াড়রা। গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, ‘আমাদের জন্য কিছুই বদলায়নি। যে খেলোয়াড়ই খেলুক, আমরা মাঠে জিততেই নামব।’
সংবাদ সম্মেলনে এ বিষয়ে একের পর এক প্রশ্ন করা হলে বিরক্ত হয়ে যান রুডি গার্সিয়া। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে এই বিষয় নিয়ে কথা বলে আপনাদের সময় নষ্ট করবেন না। আমরা এখন কেবল মাঠের খেলা নিয়েই কথা বলতে চাই।’
২০১৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারানো এবং ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা বেলজিয়ামের সোনালি প্রজন্মের কয়েকজনের মধ্যে থিবো কোর্তোয়া এখনো দলে আছেন। তবে এবার তরুণদের নিয়েই নতুন স্বপ্ন দেখছে দলটি। সিয়াটলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল সকাল ৬টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম।