সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাভারের তারাপুর মাঠে পৌঁছান। নেতাকর্মীরা মঞ্চে ওঠার ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। ওই সময় অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন এনসিপি নেতা সারজিস আলম। স্থানীয় দুইজন নেতার স্বল্প বক্তব্য শেষে রাত পৌনে ১০টার দিকে মঞ্চের দর্শক গ্যালারিতে একটি ককটেল বিস্ফোরণ হয়।
ঘটনার সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সাভারে এনসিপির পদযাত্রাপরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে নেতৃবৃন্দ সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়েছেন।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। তবে কী বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।’