মাদারীপুরে একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী পারভেজ ব্যাপারিকে আটকের পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে ডিবি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ডিবি পুলিশের একটি দল লক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ব্যাপারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটকের কিছু সময়ের মধ্যে পারভেজের সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলে এসে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা পারভেজকে নিয়ে পালিয়ে যায়।
মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং পলাতক পারভেজ ব্যাপারিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।