সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ শাহ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে তিনি ও তার ছেলে ফরহাদকে নিয়ে দোকানঘর মেরামতের কাজ করছিলেন। এসময় দোকানের টিন পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে ফাতেমা আক্তার স্বামী সন্তানকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।