বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে পেনাল্টি শুটআউটের নিয়মে পরিবর্তন আনার পরিকল্পনা করেছিল ফিফা। তবে সেই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। আলোচনা-সমালোচনা এবং আপত্তির পর চলমান বিশ্বকাপে আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪৮ দলের বিশ্বকাপ এখন পৌঁছে গেছে নকআউট পর্বে। নতুন সংযোজিত ‘রাউন্ড অব ৩২’-এর ম্যাচে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে কানাডা। লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকাকে নাটকীয়ভাবে হারিয়ে তারা জায়গা করে নেয় পরের রাউন্ডে। পরে হিউস্টনে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে ওঠে ব্রাজিলও।
নকআউট পর্বের উত্তেজনার মাঝেই আলোচনার বড় বিষয় হয়ে ওঠে পেনাল্টি শুটআউটের নিয়ম পরিবর্তনের ফিফার প্রস্তাব। বর্তমানে টাইব্রেকারের আগে দুটি আলাদা টস অনুষ্ঠিত হয়। একটি টসের মাধ্যমে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে, আর অন্যটির মাধ্যমে ঠিক করা হয় কোন পোস্টে শট নেওয়া হবে।
ফিফার প্রস্তাব ছিল, দুই অধিনায়কের মধ্যে মাত্র একবার টস অনুষ্ঠিত হবে। সেই টসে জয়ী অধিনায়ক সিদ্ধান্ত নেবেন তিনি আগে শট নিতে চান নাকি পোস্ট নির্বাচন করতে চান। টসে পরাজিত অধিনায়ক তখন বাকি থাকা বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।
ফিফার মতে, এই পদ্ধতি টাইব্রেকারকে আরও নিরপেক্ষ করবে এবং কোনো দল একাধিক টস জিতে অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগ পাবে না। তবে আইএফএবি (ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড) শেষ পর্যন্ত চলমান বিশ্বকাপে এই পরিবর্তন কার্যকর করতে রাজি হয়নি।
‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা ও আইএফএবির মধ্যে এ বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত বর্তমান নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিশ্বকাপের বাকি নকআউট ম্যাচগুলোতে আগের নিয়মেই দুটি টস অনুষ্ঠিত হবে।
বিবিসির ফুটবল বিশ্লেষক ডেল জনসনের মতে, আইএফএবি ভবিষ্যতে পরীক্ষামূলকভাবে একক টসের ধারণাটি বিবেচনা করতে পারে। তবে বিশ্বকাপের মতো বড় আসরে তাৎক্ষণিকভাবে এমন পরিবর্তন আনার ঝুঁকি নিতে চায়নি সংস্থাটি।