২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে জাপানের বিশ্বকাপ স্বপ্ন থেমে গেছে। ইনজুরি টাইমের শেষ মুহূর্তের নাটকীয় গোলে ম্যাচ হারলেও, রেফারির শেষ বাঁশির পর হিউস্টনের মাঠে তৈরি হয় আবেগঘন এক দৃশ্য, যা ফুটবল বিশ্বের মন ছুঁয়ে গেছে।
ম্যাচ শেষে জাপানের কোচ হাজিমে মরিয়াসু খেলোয়াড়দের একত্র করেন এবং সবার সামনে মাথা নত করে জাপানের জনগণের কাছে ক্ষমা চান। তিনি বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায়িত্ব আমার, এবং আমি সবার কাছে ক্ষমা চাই।’
তিনি আরও বলেন, ‘হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তারাই নন, আমি জানি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য উৎসাহ দিয়েছেন।’
প্রথমার্ধে কাইশু সানোর গোলে এগিয়ে গিয়ে ব্রাজিলকে চাপে ফেলেছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধে কাসেমিরোর হেডে সমতা ফেরে ব্রাজিল। এরপর যোগ করা সময়ের শেষ মুহূর্তে গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল।
ম্যাচ শেষে কোচ মোরিয়াসু খেলোয়াড়দের নিয়ে মাঠের মাঝখানে বৃত্ত তৈরি করেন এবং আবেগঘন বক্তব্য দেন। পরে তিনি মাথা নত করলে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানায়।
ম্যাচ শেষে তিনি আরও বলেন, ‘এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হলো, এটা খুবই হতাশার। তবে খেলোয়াড়রা সর্বোচ্চটা দিয়েছে। আমরা আমাদের সামর্থ্যের সবকিছুই করেছি। এই অভিজ্ঞতাকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রেরণায় পরিণত করতে চাই।’
এই বিশ্বকাপে জাপান শেষ করেছে একটি জয়, দুটি ড্র এবং একটি হার নিয়ে। অন্যদিকে ব্রাজিল শেষ ষোলোতে পৌঁছে তাদের পরবর্তী প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যকার বিজয়ীর জন্য।