ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হয়েছে রেকর্ড আর ইতিহাসে ভরপুর এক নাটকীয় দিনে। শেষ দিনের ম্যাচগুলোতে ফুটবলপ্রেমীরা দেখলেন একের পর এক তারকার নতুন মাইলফলক, পুরোনো রেকর্ড ভাঙা আর শেষ মুহূর্তের উত্তেজনা। একই দিনে আলোচনার কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি, হ্যারি কেইন, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াদ মাহরেজসহ একাধিক বিশ্ব তারকা।
অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। আর শেষ মুহূর্তের নাটকীয় ড্রয়ের পর আলজেরিয়া ও অস্ট্রিয়া জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ।
মেসির রেকর্ডের রাত
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করেন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে টানা সাত ম্যাচে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান।
এছাড়া বিশ্বকাপে তার মোট গোল দাঁড়িয়েছে ১৯, যা টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ। ১৯৯৪ সালের পর প্রথম ফুটবলার হিসেবে গ্রুপ পর্বেই ছয় গোল করার রেকর্ড গড়েছেন এই ফুটবল জাদুকর। আরও একটি রেকর্ডে উঠে এসেছে তার নাম। বক্সের বাইরে থেকে বিশ্বকাপে তার গোল এখন ছয়টি, যা বিশ্বকাপের ইতিহাসে গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ।
এদিকে স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ বিশ্বকাপে নিজের প্রথম গোল পান নবম ম্যাচে। আর লিয়ান্দ্রো পারেদেস এক ম্যাচে ১৫৪টি সফল পাস দিয়ে গত ৬০ বছরে আর্জেন্টিনার হয়ে নতুন রেকর্ড গড়েছেন।
কেইনের নতুন ইতিহাস
পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে ইংল্যান্ডের হয়ে গোল করেন হ্যারি কেইন। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা বনে যান, তার গোল সংখ্যা এখন ১১। তিনি ছাড়িয়ে যান গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড।
একই ম্যাচে জুড বেলিংহাম গোল ও অ্যাসিস্ট করে গত ৬০ বছরে ইংল্যান্ডের চতুর্থ ফুটবলার হিসেবে অনন্য এক কীর্তি গড়েন।
রোনালদোর সমান রেকর্ড
কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে পর্তুগালের জার্সিতে বিশ্বকাপে ২৫তম ম্যাচ খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের রেকর্ডে পৌঁছে যান। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৯ ম্যাচ খেলার রেকর্ড এখনো মেসির দখলে।
৪০ বছর বয়সেও মদ্রিচের জাদু
ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়ার ২-১ জয়ে অ্যাসিস্ট করে লুকা মডরিচ ৪০ বছর ২৯১ দিন বয়সে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী অ্যাসিস্টদাতার রেকর্ড গড়েছেন। একই সঙ্গে মদ্রিচ ও ইভান পেরিসিচ প্রথম ক্রোয়াট হিসেবে বিশ্বকাপে ২০টি করে ম্যাচ শুরুর একাদশে খেলার মাইলফলক স্পর্শ করেন।
ডিআর কঙ্গোর ঐতিহাসিক অর্জনউজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ডিআর কঙ্গো প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়েছে। দলের হয়ে ইয়োয়ানে উইসা হ্যাটট্রিক করে এক বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন গোল করা চতুর্থ আফ্রিকান ফুটবলার হিসেবে জায়গা করে নেন।
মাহরেজ ও আলজেরিয়ার নাটকীয় রাত
অস্ট্রিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে জোড়া গোল করে রিয়াদ মাহরেজ বিশ্বকাপে আলজেরিয়ার সবচেয়ে বেশি বয়সী গোলদাতা বনে গেছেন, তার বয়স তখন ৩৫ বছর ১২৬ দিন।
অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে সাসা কালাইজদজিচের গোলে অস্ট্রিয়াকে নকআউটে পৌঁছে দেয়। বিশ্বকাপ ইতিহাসে এটিই প্রথম ম্যাচ, যেখানে যোগ করা সময়ে এক দল এগিয়ে যাওয়ার পর আরেক দল সমতাসূচক গোল করে নাটকীয়ভাবে ফল নির্ধারিত হলো।
গ্রুপ পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বকাপ এখন ঢুকে পড়েছে নকআউট পর্বে। তবে শেষ দিনের এই রেকর্ড, নাটক আর তারকাদের পারফরম্যান্স গ্রুপ পর্বকে করে তুলেছে এবারের আসরের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি।