বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি শুধু নকআউট নিশ্চিতই করেনি, সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হিসেবে শেষ ৩২-এ ওঠার কীর্তিও গড়েছে। এবার তাদের সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শক্তিশালী প্রতিপক্ষকে নিয়েও ভয় পাচ্ছেন না কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিটো, যিনি ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিনটি ম্যাচই ড্র করে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে। এই ফলেই বিদায় নিতে হয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে।
সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপের নকআউটে ওঠার রেকর্ড সম্পর্কে জানতে পেরে বিস্মিত হন বুবিস্তা। এরপর তিনি বলেন, ‘তাহলে আমরা এমন এক দৃষ্টান্ত স্থাপন করলাম, যা প্রমাণ করে যে সঠিক লক্ষ্য, দৃঢ় সংকল্প এবং সুসংগঠিত কর্মপদ্ধতি থাকলে ছোট দেশগুলোরও বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। আমরা দেখিয়ে দিয়েছি কোনো কিছু অসম্ভব নয়।’
সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার কেপ ভার্দের মানুষের জন্য এই অর্জনকে বিশেষ বলে উল্লেখ করেন তিনি। তার মতে, ধাপে ধাপে পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং প্রতিকূলতাকে জয় করার মানসিকতাই তাদের এই জায়গায় নিয়ে এসেছে।
শিষ্যদের প্রশংসা করে বুবিস্তা বলেন, ‘এখন আমরা নক-আউট পর্বে। আমাদের দেশের মানুষের জন্য, যারা আমাদের দলের সঙ্গে একাত্মবোধ করেন তাদের জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের জন্য এটি দারুণ এক ব্যাপার। তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়ার পাশাপাশি দৃঢ় মানসিকতা ও শৃঙ্খলার পরিচয় দিয়েছে।’
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে কেপ ভার্দে। সেই ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী কোচ। তিনি বলেন, ‘প্রথমত আমরা আর্জেন্টিনার সঙ্গে খেলার সুযোগ পেয়ে গর্বিত... তবে প্রতিপক্ষ কারা তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের নামের প্রতি সুবিচার করে লড়তে চাই।’
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির শক্তিমত্তা সম্পর্কে জানেন বুবিস্তা। তবুও তার বিশ্বাস, বিশ্বকাপে কেপ ভার্দের যাত্রা ইতোমধ্যেই প্রমাণ করেছে, ফুটবলে অসম্ভব বলে কিছু নেই।