টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সংগঠনের নীতিনির্ধারক, উপদেষ্টা ও সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ঢাকার কারওয়ান বাজার এলাকার হোটেল সুপারস্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমাম হোসেন ইমন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ব্রডকাস্ট কমিউনিটির (এবিসি) প্রেসিডেন্ট চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি, এনবিএর সেক্রেটারি রাইসুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আশিক তমাল। অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের নেতারা।
এছাড়াও অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি এবং টেলিভিশন মেকআপ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা জানান, দেশের টেলিভিশন মেকআপ শিল্পকে আরও সমৃদ্ধ, আধুনিক ও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতা ও সদস্যরা। একই সঙ্গে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।