এক ম্যাচেই বারবার বদলে গেছে গ্রুপের শীর্ষস্থান। কখনো বেলজিয়াম, কখনো মিশর। শেষ পর্যন্ত সব নাটকীয়তার অবসান ঘটিয়ে গ্রুপ জি এর সেরা দল হিসেবেই নকআউট নিশ্চিত করল বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান নিজেদের করে নেয় তারা।
প্রথমার্ধে ম্যাচের ২৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার কর্নার থেকে দারুণ হেডে গোল করেন লিয়ান্দ্রো ত্রোসার্দ। সেই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বেলজিয়াম।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। পেনাল্টি এরিয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে ভলিতে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ত্রোসার্দ। ভিএআরে সংক্ষিপ্ত পরীক্ষা হলেও গোল বহাল থাকে।
এরপরই ম্যাচের সঙ্গে পাল্লা দিয়ে বদলাতে থাকে গ্রুপের সমীকরণ। বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত শটে গোল করলে মিশরকে টপকে গ্রুপের শীর্ষে উঠে আসে বেলজিয়াম।
তবে সেই অবস্থান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট বক্সের বাইরে থেকে অসাধারণ শটে ব্যবধান কমালে গোল ব্যবধানের হিসাব বদলে আবারও গ্রুপের শীর্ষে উঠে যায় মিশর, আর দ্বিতীয় স্থানে নেমে যায় বেলজিয়াম।
কিন্তু সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। বক্সের ভেতরে ভেসে আসা বলে নিখুঁত হেডে গোল করেন রোমেলু লুকাকু। আবারও শীর্ষস্থান ফিরে পায় বেলজিয়াম।
শেষদিকে সালমেকার্স গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন। ৫-১ গোলের বড় জয়ে সব হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে বেলজিয়াম। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকেই পরের রাউন্ডে উঠেছে মিশর।