বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন এই তারকা উইঙ্গার। তবে ম্যাচ শেষে তার গোলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে সেই গোলের পেছনের একটি মজার গল্প।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেশেরর নিখুঁত ক্রস থেকে উড়ে গিয়ে হেডে বল জালে পাঠান ভিনিসিয়ুস। সাধারণত গতি, ড্রিবলিং কিংবা পায়ের জাদুতেই প্রতিপক্ষকে কাঁপাতে দেখা যায় তাকে। তাই হেডে গোল দেখে অনেকেই অবাক হয়েছেন।
আর সেই বিস্ময়ের কারণই পরে নিজে প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। ম্যাচ শেষে ভিনিসিয়ুস জানান, এই গোলের সঙ্গে জড়িয়ে আছে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে করা একটি বাজি।
তিনি বলেন, ‘আমি কার্লো আনচেলত্তিকে কথা দিয়েছিলাম, একদিন হেড দিয়ে গোল করব। তখন তিনি বলেছিলেন, এটা প্রায় অসম্ভব। তবে যদি আমি সেটা করতে পারি, তাহলে আমাকে একটি উপহার দেবেন। এখন আমি সেই উপহারের অপেক্ষায় আছি।’
একটি গোলই নয়, স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা চারটিতে নিয়ে গেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি রয়েছে একটি অ্যাসিস্টও। ফলে টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে কার্যকর ফুটবলার তিনিই।
এই পারফরম্যান্সে আরেকটি বিশেষ কীর্তিও গড়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। নেইমার দীর্ঘদিন চোটে থাকাকালীন সময় থেকেই ব্রাজিলের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে উঠেছেন ভিনিসিয়ুস। আর নেইমার দলে ফিরলেও ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের আক্রমণের নেতৃত্ব এখন অনেকটাই তার কাঁধে।